আগামী অক্টোবর মাস থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে এর সব ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির কাজ হাতে নিয়েছে।
ব্রিফিংয়ে গত জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এই সংক্রান্ত সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি খাদ্য নিরাপত্তার বিষয়টি টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই সংকট মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরি করা হবে।
এর পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি যারা অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের মুখোমুখি করা হবে।
সর্বশেষ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন মহলে চলা কটূক্তির বিষয়ে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, এ ধরনের নেতিবাচক বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তবে বর্তমান দেশের আইনি কাঠামো অনুযায়ী এটি সরাসরি কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।
তবে ভবিষ্যতে এই ধরনের সংবেদনশীল মন্তব্যকে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার সুযোগ রয়েছে।





