মেহেদিতে প্রেমিকের নাম

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন সময়ে তাদের আচরণে প্রেমের ইঙ্গিত পেয়েছেন ভক্তরা।

সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি শাড়িতে অনুষ্ঠানে নজর কাড়েন তিনি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে তার হাতে আঁকা মেহেদি।

অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জাহ্নবী। সেখানেই ভক্তদের নজরে পড়ে তার মেহেদির বিশেষ নকশা। ছবিগুলো ভালোভাবে দেখলে দেখা যায়, মেহেদির নকশার মধ্যে লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। আর এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জাহ্নবী ও শিখরের পরিচয় অবশ্য নতুন নয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন তারা। ২০১৬ সাল থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা ধড়ক মুক্তির পর তাদের বিচ্ছেদের খবরও শোনা যায়।

তবে ২০২৩ সালের পর থেকে আবারও একসঙ্গে দেখা যেতে থাকে জাহ্নবী ও শিখরকে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং ছুটি কাটানোর মুহূর্তে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়। অনন্ত আম্বানির বিয়ে অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

এর আগেও জাহ্নবী তার সম্পর্ক নিয়ে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন। ২০২৪ সালে বাবার সিনেমা ময়দান দেখতে যাওয়ার সময় ‘শিখু’ লেখা একটি নেকলেস পরেছিলেন তিনি। এছাড়া কফি উইথ করণ অনুষ্ঠানে কথোপকথনের সময় শিখরের নাম তার স্পিড ডায়ালে থাকার বিষয়টিও প্রকাশ পেয়েছিল।

এবার মেহেদিতে প্রেমিকের ডাকনাম লিখে জাহ্নবী আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।