তরুণদের কী বললেন কঙ্গনা?

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও নিজের মন্তব্যে আলোচনায়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান প্রজন্মের জীবনযাপন, ডেটিং সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে মুখ খুলেছেন তিনি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, উদ্দেশ্যহীন জীবন নয়, বরং নিজের লক্ষ্য ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়া উচিত।

সম্প্রতি এক পোস্টে কঙ্গনা লেখেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, ক্লাব, পার্টি কিংবা মাদকের মতো বিষয়গুলোতে অতিরিক্ত আসক্তি তরুণদের জীবনে প্রকৃত আনন্দ এনে দিতে পারছে না। বরং এসবের কারণে জীবনে বাড়ছে বিভ্রান্তি, একাকীত্ব ও মানসিক অবসাদ।

তরুণদের প্রতি তাঁর পরামর্শ, আবেগকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে। জীবনের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী এগিয়ে গেলে অনেক নেতিবাচক পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব। একই সঙ্গে তিনি সংযত ও মূল্যবোধসম্পন্ন জীবনযাপনের ওপর গুরুত্ব দেন।

সন্তানদের ভুল কাজের জন্য সব সময় বাবা-মাকে দায়ী করাও ঠিক নয় বলে মনে করেন কঙ্গনা। তাঁর মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বন্ধুদের প্রভাব তরুণদের চিন্তাভাবনা ও আচরণে বড় ভূমিকা রাখছে। তাই কেবল পারিবারিক পরিবেশ নয়, একজন তরুণের ওপর কারা প্রভাব ফেলছে, সেটিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

পোস্টের শেষে কঙ্গনা বলেন, বর্তমান সময়ে অনেকেই বাস্তব জীবনের চেয়ে সমাজের কাছে নিজের একটি নিখুঁত ভাবমূর্তি তুলে ধরতেই বেশি ব্যস্ত। তাই সন্তানদের প্রতিটি ভুলের জন্য পরিবারকে দোষারোপ না করে, তাদের চারপাশের প্রভাব ও সামাজিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি।