৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে।

তবে আগামী দুই থেকে তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।