দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
রবিবার (১২ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৯৪ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, গত ৭ জুলাই দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬.৫২ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১.৮৭ বিলিয়ন ডলার। সে হিসেবে পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় ৬২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ প্রায় ৭২ মিলিয়ন ডলার বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও অন্যান্য নির্ধারিত দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়। এ কারণে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কম দেখা যায়।





