শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা। এতে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার সময় আতঙ্কে এক রোগীর মৃত্যু হয়েছে এবং সরকারি ভবন, হাসপাতাল ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসির বুয়োল রিজেন্সি এলাকায়, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুয়োল রিজেন্সি, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পার্শ্ববর্তী গোরোনতালো প্রদেশেও অনুভূত হয়। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন।

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে একটি হাসপাতাল, কয়েকটি সরকারি ভবন, একটি রেস্তোরাঁ ও বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ভূমিকম্পের পর বুয়োলের প্রধান হাসপাতালটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ভবন থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়।