২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। তবে এখনই অবসরের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন এই স্ট্রাইকার। বরং লিওনেল মেসির উদাহরণ টেনে ভবিষ্যতে আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বুধবার(১৫ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেইনকে জিজ্ঞাসা করা হয়, এটিই কি তার শেষ বিশ্বকাপ ছিল? উত্তরে বায়ার্ন মিউনিখের এই তারকা বলেন, এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি। আমি বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে অবশ্যই চার বছর অনেক দীর্ঘ সময়।
এরপর মেসির প্রসঙ্গ টেনে কেইন বলেন, আবার দেখুন, মেসির মতো একজন এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই সত্যি বলতে আমি জানি না। এই মুহূর্তে আমার প্রয়োজন শুধু এই বিদায়ের হতাশা কাটিয়ে ওঠা। আমরা আমাদের সবকিছুই উজাড় করে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।
৩৩ বছর বয়সী কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। দুই বছর পর রয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ, যেখানে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার। একই সঙ্গে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহী। সব মিলিয়ে, ইংল্যান্ডের সাদা জার্সিতে হ্যারি কেইনকে আরও কিছুদিন মাঠে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।





