আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন গবেষণা সাময়িকী (জার্নাল) থেকে বৈজ্ঞানিক জালিয়াতি, তথ্যের বিকৃতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশের মোট ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই (জাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সংলগ্ন ৩২টি গবেষণাপত্র রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষকদের অ্যাকাডেমিক সততা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রত্যাহারের তথ্য সংরক্ষণকারী সংস্থা ‘রিট্র্যাকশন ওয়াচ’ এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্প্রিঞ্জার, এলসেভিয়ার, ওয়াইলি, প্লস ওয়ান ও আইইইই এর মতো বিশ্বমানের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে জাবির শিক্ষক ও শিক্ষার্থীদের এসব নিবন্ধ বাতিল করা হয়েছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভুয়া পিয়ার রিভিউ, সাইটেশন অনিয়ম, তথ্যের অসঙ্গতি ও বিকৃতি, এআই (AI) বা কম্পিউটার জেনারেটেড কনটেন্টের অসদ্ব্যবহার এবং ‘পেপার মিল’ নেটওয়ার্কের মাধ্যমে মানহীন নিবন্ধ প্রকাশ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, জাবির ১১টি বিভাগ ও একটি অনুষদের ১৮ জন শিক্ষক এবং চারজন শিক্ষার্থীর নাম এই কেলেঙ্কারিতে উঠে এসেছে। সবচেয়ে বেশি ১০টি গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের। একই বিভাগের অধ্যাপক ড. মো. কবির উদ্দিনের ২টি নিবন্ধ বাতিল হয়েছে। এ ছাড়া গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের ৩টি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের ২টি এবং অধ্যাপক ড. আবেদা সুলতানা ও অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার পণ্ডিতের যৌথভাবে করা ১টি গবেষণাপত্র ‘জার্নাল অব ইন্টেলিজেন্ট অ্যান্ড ফাজি সিস্টেমস’ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনের ২টি, অধ্যাপক ড. মাহফুজা মোবারকের ১টি ও অধ্যাপক ড. মো. তাজউদ্দিন সিকদারের ১টি নিবন্ধ প্রত্যাহার করা হয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহেল ও সহকারী অধ্যাপক নাফিসা নাওয়াল ইসলামের ১টি করে গবেষণাপত্র বাতিল হয়।
অন্যান্যদের মধ্যে স্প্রিঞ্জার থেকে সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিক আনোয়ার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুনের গবেষণাপত্র সরিয়ে নেওয়া হয়েছে। একই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের ১টি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হকের ১টি (আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে), পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেনের ১টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শওকত হোসেনের ১টি এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) অনুষদের অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলামের ১টি গবেষণাপত্র এলসেভিয়ার থেকে প্রত্যাহার করা হয়।
শিক্ষকদের পাশাপাশি জাবির চারজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর নিবন্ধও প্রত্যাহৃত তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন, বায়োটেকনোলজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম প্রত্যয়, পাবলিক হেলথ বিভাগের মো. ইস্তিয়াক রহমান, ফার্মেসি বিভাগের মিনহাজ আবদুল্লাহ আল মুইদ এবং প্রাণিবিজ্ঞান বিভাগের জাহিদুর রহিম।
সবচেয়ে বেশি নিবন্ধ প্রত্যাহার হওয়া অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “কোথায় সমস্যা হয়েছে, তা আমি সঠিকভাবে জানি না। তবে এই ঘটনার পর আমি সতর্ক হয়েছি।”
এ ঘটনা ছড়িয়ে পড়ার পর জাবির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল বাশার ক্ষোভ প্রকাশ করে বলেন, “র্যাংকিং বা সাইটেশনের অসুস্থ প্রতিযোগিতায় ছুটতে গিয়ে গবেষণার গুণগত মান বিসর্জন দেয়া হচ্ছে। এতে সত্যিকারের মেধাবী গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হচ্ছে।” তিনি অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানান।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গণমাধ্যমকে জানান, জালিয়াতির অভিযোগের তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের। তবে বিশ্ববিদ্যালয় ব্যর্থ হলে ইউজিসি নিজ উদ্যোগে তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা নেবে।





