সরকারকে ব্যর্থ করতে দেশবিরোধী চক্রান্ত চলছে: রিজভী

দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে সরকারের কার্যক্রম ব্যাহত করতে একটি রাজনৈতিক দল দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।

রিজভীর অভিযোগ, সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা নতুন নয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।