দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। তবে এই দীর্ঘ বিরতিতে অভিনয়কে খুব একটা মিস করেননি তিনি। বরং পরিবার ও সন্তানদের সঙ্গে কাটানো সময়কেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেছেন এই অভিনেত্রী।
নতুন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’–এর প্রচারণায় প্রীতি জানান, সন্তানদের বড় করে তোলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো ছিল তাঁর প্রধান অগ্রাধিকার। তাঁর মতে, মা হওয়া জীবনের অন্যতম বড় অর্জন, যা তাঁকে নতুন অভিজ্ঞতা ও আনন্দ দিয়েছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইয়াজি সুপারহিট’–এর পর বড় পর্দা থেকে দূরে ছিলেন প্রীতি। এবার রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে ফের দর্শকদের সামনে আসছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সানি দেওল—যাঁর সঙ্গে এর আগেও কাজ করেছেন প্রীতি।
একসময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা শুধু অভিনয়েই নয়, ব্যবসার ক্ষেত্রেও নিজের পরিচয় তৈরি করেছেন। ক্যারিয়ারের শীর্ষ সময়ে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
অভিনয় থেকে দূরে থাকলেও সিনেমার প্রতি ভালোবাসা কমেনি প্রীতির। তবে জীবনের এই পর্যায়ে পরিবারকে সময় দেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন নিয়ে এখন উচ্ছ্বসিত ভক্তরা।
নতুন ছবিতে প্রীতির অভিনয় কতটা মুগ্ধ করে, সেটিই এখন দেখার অপেক্ষা।





