কলকাতা বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে

ভারতের কলকাতার দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এটিসি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

এ ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের তৃতীয় তলা থেকে আগুনের ফুলকি দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে বিমানবন্দরে থাকা একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ এটিসি ভবনে আগুন লাগায় কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনটি তেরঙ্গা রঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল।

সেই লাইট থেকেই কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ভবনের বৈদ্যুতিক সংযোগ ও লাইটিং ব্যবস্থাও পরীক্ষা করা হবে।