নৌপ্রধান মিসবাহ উল আজীমকে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন।

রোববার (২৩ আগষ্ট) রাজধানীর বিমান বাহিনী সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি লাভ করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৩ জুলাই নৌপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়া এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষ করার পর ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন পান।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণিসহ তিনটি মাস্টার্স ডিগ্রি এবং এমফিল অর্জন করেছেন। শিক্ষাজীবনে মেধা তালিকায় স্থান পেয়ে তিনি রাষ্ট্রপতির চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নৌসদর দপ্তরের পরিচালক (নৌ-অপারেশন্স) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিনের মতো একাধিক যুদ্ধজাহাজের অধিনায়কত্ব করেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি লেবানন ও কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এবং সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি ‘নৌবাহিনী পদক’, ‘নৌ পারদর্শিতা পদক’ ও ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।