এক মিনিটেরও কম সময়ের টিজারেই ঝড় তুললেন পাকিস্তানি ‘পাওরি গার্ল’

পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘পাওরি গার্ল’ খ্যাত দানানির মোবিন আবারও আলোচনায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের এ টিজারেই তিনি চমকে দিয়েছেন সবাইকে।

‘হুরমত’-এ কেন্দ্রীয় চরিত্রে হুরমত নামেই অভিনয় করেছেন দানানির মোবিন। টিজার দেখে ধারণা করা হচ্ছে, হুরমত এমন এক তরুণীর, যে নিজের বাড়িতেই কার্যত বন্দি। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই হুরমতের।

টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন আর ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। সেই বন্দিদশা থেকেই ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার পথে এগিয়ে যাবে হুরমত, এমনই ইঙ্গিত মিলেছে।

জানা যায়, ‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’তে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। কাশিফ আনোয়ার তার গল্পে মূলত সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরেন। সেই হিসেবে ‘হুরমত’ও যে কেবল একজন নারীর স্বাধীনতা অর্জনের গল্প হবে না, তার ইঙ্গিত এরই মধ্যে মিলেছে।

মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে ‘হুরমত’ কবে থেকে প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের একটি ছোট সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’ ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

সূত্র: দ্য ডন