যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার স্ত্রী বেটিনা অ্যান্ডারসন যৌথভাবে স্বীকার করেছেন, তাদের বিবাহোত্তর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের খরচের একটি বড় অংশ বহন করেছেন এক প্রভাবশালী রুশ ধনকুবের। সম্প্রতি সোশাল মিডিয়ায় দেওয়া এক যৌথ বিবৃতিতে এই দম্পতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুসন্ধানমূলক প্রতিবেদনকে সত্য বলে নিশ্চিত করেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই যৌথ বিবৃতিতে বেটিনা অ্যান্ডারসন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উমার ক্রেমলেভ মূলত তাদের অত্যন্ত কাছের পারিবারিক বন্ধু। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজস্ব উদ্যোগে এই দুই রাতব্যাপী বিশেষ উদযাপনের আয়োজন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বিষয়টিকে বন্ধুত্বের জায়গা থেকে দেওয়া এক অসাধারণ ও উদার উপহার হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে এই আনন্দঘন পারিবারিক আয়োজনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন। তাঁদের দাবি, যেকোনো বন্ধুত্ব বা আর্থিক সহযোগিতার পেছনেই কোনো গোপন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা আন্তর্জাতিক কোনো অ্যাজেন্ডা থাকে; এমন ভাবাটা একেবারেই অনুচিত।
এর আগে এক অলাভজনক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা প্রো-পাবলিকার প্রতিবেদনে ফাঁস হয় যে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও সামাজিক মাধ্যমে পরিচিত মুখ বেটিনা অ্যান্ডারসনের বাহামাসে আয়োজিত তিন দিনব্যাপী বিলাসবহুল অনুষ্ঠানের বিপুল খরচের পুরোটাই দিয়েছিলেন উমার ক্রেমলেভ। তিনি পেশায় আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান এবং ক্রেমলিনের অত্যন্ত প্রভাবশালী একজন ব্যবসায়ী। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাহামাসের দুটি ব্যক্তিগত দ্বীপের একটি পুরো ভাড়া করা থেকে শুরু করে বিশাল আতশবাজির প্রদর্শনী; সব মিলিয়ে লাখ লাখ ডলারের খরচ জুগিয়েছেন এই রুশ ধনকুবের।
তবে এই বিতর্কের জবাবে নবদম্পতি দাবি করেন, তারা মূল বিয়ের কাজ সম্পাদন করেছিলেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, কেবল নিকটাত্মীয়দের উপস্থিতিতে। বাহামাসের এই জমকালো আয়োজনটি তাঁদের দীর্ঘদিনের পরিকল্পনা করা বন্ধুদের একটি সাধারণ গেট-টুগেদার ছিল, যা পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানের সংবর্ধনা হিসেবে রূপান্তরিত হয়। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিক যোগাযোগের কারণে একাধিকবার তদন্তকারীদের নজরদারিতে এসেছিলেন। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার বহুচর্চিত ট্রাম্প টাওয়ার বৈঠকটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
সূত্র: এপি





