বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে বেশি রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজের করা এক ওভারেই ২৫ রান খরচ করেছেন বাঁহাতি এই পেসার। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও এক ওভারে ২৩ রান দিয়েছিলেন তিনি।
টানা দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও মোস্তাফিজের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বরং ডেথ ওভারে তার অভিজ্ঞতার কারণে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে এখনো মোস্তাফিজকেই বিবেচনা করছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সালাউদ্দিন জানান, বাংলাদেশকে মূলত পাঁচজন বোলার নিয়েই খেলতে হয়েছে। ষষ্ঠ বোলার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনও ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে ডেথ ওভারে মোস্তাফিজের দীর্ঘদিনের ভূমিকার কারণে তার ওপর আস্থা রাখার কথা জানান কোচ।
সালাউদ্দিন বলেন, ‘এখন আমরা তো পাঁচটা বোলার নিয়ে খেলছি। এর মধ্যে আমাদের ৬ নম্বর বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো বল করেছে। ফিজ আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট। আমাদের তার ওপর এখনো বিশ্বাস আছে।’
মোস্তাফিজের ওপর দলের আস্থা কতটা, সেটিও পরিষ্কার করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘সে যদি আরও ফেইল করে, তবুও আমরা হয়তো তাকে সেভাবেই ব্যাক করাব।’
এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অভিযান শেষ হয়েছে হতাশায়। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়েও বড় ব্যবধানে হেরে পদকশূন্য থাকতে হয়েছে বাংলাদেশকে।





