ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হরর শো আহট ও সিআইডি অভিনেতা, প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন। বি. পি. সিং নামে পরিচিত এই নির্মাতার বয়স হয়েছিল ৭৭ বছর। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর জানান চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি বি. পি. সিংকে দক্ষ নির্মাতা, ভালো মানুষ ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেন। পণ্ডিত লেখেন, ‘সিআইডি’ ও ‘আহট’-এর মতো শোর মাধ্যমে সিং দর্শকদের মুগ্ধ করেছিলেন; ভারতীয় টেলিভিশনে তাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সিংয়ের সঙ্গে কাজ করার স্মৃতিও তুলে ধরেন তিনি।
বি. পি. সিংয়ের নির্মিত সিআইডি ১৯৯৮ সালে প্রচার শুরু করে। অপরাধ তদন্তভিত্তিক এই ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে দর্শকের কাছে জনপ্রিয় ছিল। নির্মাতা হিসেবে পর্দার পেছনে কাজ করার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করেছিলেন সিং। সেখানে ডিসিপি শামশের সিং চিত্রোলের চরিত্রে তাঁকে দেখা যায়।
এর আগে ১৯৯০-এর দশকে আহট দিয়ে হরর ও রহস্যনির্ভর টেলিভিশন শো নির্মাণে পরিচিতি পান তিনি। শুরুতে রহস্য ও থ্রিলারধর্মী গল্প নিয়ে তৈরি হলেও পরে এতে অতিপ্রাকৃত উপাদান যুক্ত হয়। দুই ধারার এই শো ভারতীয় টেলিভিশনে সিংয়ের নির্মাণশৈলীকে আলাদা পরিচিতি দেয়।
দূরদর্শনে সংবাদ ক্যামেরাম্যান হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সিং। পরে টেলিফিল্ম ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে যুক্ত হন। তাঁর শেষকৃত্য ২৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।





