কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে কলেজের অধ্যাপক ড. নাজমা বেগমের পক্ষ থেকে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছেন এবং অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। কলেজটির পাসের হার মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশ।
এমন ফল বিপর্যয়ের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে গিয়ে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন। তাঁদের দাবি, শিক্ষার্থীদের এমন হতাশাজনক ফলাফলের দায় সংশ্লিষ্ট কলেজ প্রশাসন ও শিক্ষকদের এড়ানোর সুযোগ নেই।
এদিকে, ছাত্রদলের এই কর্মসূচি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজের অধ্যাপক ড. নাজমা বেগম। তিনি বলেন, “মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এসে আমাকে ফুল দিয়ে বিব্রত করতে আসে। এটা ব্ল্যাকমেইলের শামিল।”
একদিকে শিক্ষার্থীদের ফল বিপর্যয় নিয়ে ছাত্রদলের প্রতিবাদ, অন্যদিকে শিক্ষকের পক্ষ থেকে ব্ল্যাকমেইলের অভিযোগ দুই বিষয়কে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ প্রতিবাদের ধরন এবং শিক্ষকের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছেন।





