জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা) মূল্যের সুইস বিলাসবহুল ঘড়ি অবশেষে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ঘড়িটির সঙ্গে ছিল হাতে লেখা একটি দুঃখ প্রকাশের চিরকুট। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত সপ্তাহে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে বিলাসবহুল ঘড়ি দেখার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি সুইস ব্র্যান্ড অডেমার পিগের একটি ঘড়ি হাতে পরে দেখেন। পরে ঘড়িটি হাতে রেখেই দোকান থেকে পালিয়ে যান।
তবে চুরির ঘটনায় নতুন মোড় আসে যখন দোকান কর্তৃপক্ষ একটি প্যাকেট পান। প্যাকেটের ভেতরে ছিল চুরি হওয়া সেই ঘড়িটি এবং হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিরকুট।
জাপানের সংবাদমাধ্যম আসাহি শিম্বুনসহ অন্যান্য গণমাধ্যম সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ঘড়িটির সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি চুরি হওয়া সেই ঘড়িই।
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে দোকান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে, চুরির অভিযোগে ওই ব্যক্তিকে খুঁজছে টোকিও পুলিশ। আসাহি শিম্বুনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত আগস্টেও একই বিপণিবিতানের আরেকটি দোকান থেকে প্রায় ২০ কোটি ইয়েন (১৩ লাখ ডলার) মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়েছিল।





