গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ‘ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২’-এ এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ছাড়া ১৮ বছর বয়সী আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রাখা হয়েছে এবং নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, সিলিন্ডার লিকেজ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রের ৪১টি সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, সিলিন্ডারে গ্যাস ভর্তি করা বা পরীক্ষার সময় অসাবধানতাবশত লিকেজ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট তদারকি দল কাজ করছে।





