রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর রিকশায় চড়ে আসা দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ইবনে মিজান জানান, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত রিকশায় এসে হঠাৎ করেই জুলাই স্মৃতি জাদুঘরের সামনের সড়কে একটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ হলেও এতে কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবরও একই স্থানে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। সেদিন জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যার একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়, যা পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে। ওইদিনের বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক অটোরিকশাচালক স্প্লিন্টারের আঘাতে মারাত্মক আহত হয়েছিলেন।





