পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও অন্যান্য নৌবহর নিয়ে ‘এলাকা নিয়ন্ত্রণ’ (এরিয়া ডিনায়াল) সামরিক মহড়া চালাচ্ছে চীন।
দেশটির সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার এ অভিযোগ করেছে তাইওয়ান।
বিষয়টিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে তাইপে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, চীনের লিয়াওনিং বিমানবাহী রণতরির নেতৃত্বাধীন বহর এবং অন্যান্য নৌবাহিনীর ইউনিট পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ ধরনের মহড়া চালিয়েছে।
‘অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল’ বা এ২এডি কৌশলের লক্ষ্য হলো, কোনও সংঘাতের সময় বাইরের শক্তিকে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া। তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যেন তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসতে না পারে, তা নিশ্চিত করা।
গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ তার এক্স অ্যাকাউন্টে জানান, তাইওয়ানের আশপাশ, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের শতাধিক নৌবাহিনী ও কোস্টগার্ড জাহাজ মোতায়েন রয়েছে। একই সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বীপটির আশপাশে চীনা সামরিক বিমানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার তথ্য জানায়।
তবে চীন আনুষ্ঠানিকভাবে কোনও সামরিক মহড়ার ঘোষণা দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে জানিয়েছিল, লিয়াওনিং রণতরির পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণ নিয়মিত বার্ষিক কার্যক্রম। দূরপাল্লার ও উন্মুক্ত সমুদ্রে যুদ্ধ পরিচালনার সক্ষমতা যাচাই করাই এর উদ্দেশ্য।
এদিকে, চীনের এ সামরিক তৎপরতার বিষয়ে সতর্ক নজর রাখার কথা জানিয়েছেন ওয়েলিংটন কু। মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে নিয়ন্ত্রণে নেওয়ার পথও খোলা রেখেছে বেইজিং। তবে তাইওয়ান সরকার বলছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু তাইওয়ানের জনগণের। সূত্র: রয়টার্স





