পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। তিনি সতর্ক করে বলেছেন যে, সময়মতো সঠিক চিকিৎসা না দেওয়া হলে ইমরান খানের মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) কিংবা হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
গত মঙ্গলবার আদালতের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার সালমান সাফদার এই চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি তিনি কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাৎ করেছেন এবং পরবর্তীতে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি আদালতকে অবহিত করেছেন।
আদালতের কাছে তাদের উভয়কে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন সালমান সাফদার। পাশাপাশি, তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনেরও আবেদন জানানো হয়েছে। ব্যারিস্টার সাফদারের ভাষ্য অনুযায়ী, গত ১ নভেম্বর ইমরান খানের রক্তচাপ ১৯২ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যথাযথ চিকিৎসা নিশ্চিত করা না হলে এই উচ্চ রক্তচাপ যেকোনো বড় ধরনের শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কারাগারে থাকা বুশরা বিবির স্বাস্থ্যগত অবনতির বিষয়েও কথা বলেন তার আইনজীবী। বুশরা বিবির দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে দিন দিন কমে আসছে উল্লেখ করে সাফদার জানান, তার পরবর্তী চোখের সার্জারি আগামী ১৫ নভেম্বর নির্ধারিত রয়েছে। তবে বুশরা বিবি এর আগে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং তার আগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আর অস্ত্রোপচার করাতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রথম দফার অস্ত্রোপচারের পর চোখের ব্যান্ডেজ খোলার আগেই তাকে দ্রুত কারাগারে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সালমান সাফদার। একই সাথে তার পূর্বের চিকিৎসা কার্যক্রমের বিস্তারিত মেডিকেল রিপোর্ট তলব করার দাবিও জানান তিনি।
এদিকে আইনি বিভিন্ন বিষয় ও মামলার অগ্রগতি প্রসঙ্গে ব্যারিস্টার সালমান সাফদার জানান, আল-কাদির ট্রাস্ট মামলায় আদালতের সকল কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার জন্য তাদের আইনি টিমকে নির্দেশ দিয়েছেন ইমরান খান ও বুশরা বিবি। বিচারক মূল আপিলগুলো একত্রে শুনতে সম্মত হয়েছেন বলে জানান তিনি। তবে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (ন্যাব) আপিলগুলো আগে শোনা হবে নাকি আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি আগে শুরু হবে, সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার সালমান সাফদার আরও জানান যে, দেশের বর্তমান সমস্ত আইনি জটিলতা ও বিষয়গুলো একমাত্র আদালতের মাধ্যমেই সুরাহা হোক; এমনটাই চান পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এছাড়া খুব শীঘ্রই ব্যারিস্টার লতিফ খেসাকে সাথে নিয়ে আবারও কারাবন্দি ইমরান খানের সাথে সাক্ষাতের আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: ইমরান খান





