বয়সটা শুধু একটা সংখ্যামাত্র। কথাটি আবারও প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে নিলেন তিনি। ৬০ বছরের দীর্ঘ লেখালেখির ক্যারিয়ারে তৈরি হওয়া ভক্তকুলকে চমকে দিয়ে সোমবার লন্ডনের জমকালো সন্ধ্যায় তাঁর হাতে উঠল ৫০ হাজার পাউন্ডের চেক আর বছরের সেরা সাহিত্যের খেতাব।
পুরস্কার এসেছে তাঁর প্রলয়-পরবর্তী আবহে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ এর হাত ধরে। একটি রহস্যময় মহাবিপর্যয়ের পর চুরমার হয়ে যাওয়া ব্রিটিশ সমাজব্যবস্থা ও ভিন গ্রহের প্রাণীদের আবির্ভূত হওয়ার প্রেক্ষাপটে গড়ে উঠেছে এর গল্প। তবে সাহিত্যজগতে বইটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারও কাছে এটি বিষাদময় কিন্তু অসাধারণ, আবার কারও মতে স্বপ্নের মতো অস্পষ্ট ও ভড়কে দেওয়ার মতো দুর্বোধ্য।
বিচারক বোর্ডের প্রধান ডেম মেরি বিয়ার্ড মুচকি হেসে স্বীকার করে নিলেন, পড়াটা বেশ কঠিন ছিল বটে, তবে সেরা সাহিত্য তো একটু চ্যালেঞ্জিং হবেই! তাঁর মতে, বইটি পাঠককে ভিতর থেকে ওলটপালট করে দেয়, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটায় এবং শেষমেশ মনের ভিতর অদ্ভুত এক আশা জাগিয়ে দিয়ে যায়।





