মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঐ চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি ক্যাম্প বাতিল এবং বিশ্বকাপে অংশগ্রহণ না করার কঠিন সিদ্ধান্তের কথা জানাতে আমরা এই চিঠি লিখছি।’
চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।
‘দুর্ভাগ্যজনকভাবে কাতার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা সংশ্লিষ্ট নির্দেশনাসহ বর্তমান পরিস্থিতির কারণে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না।
‘আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও ইরানের ওপর আবারও বোমা হামলা শুরুর হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজনও এর প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কাতারের প্রতিবেশী সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টেনিসের ডব্লিউটিএ ফাইনালস এখন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত হচ্ছে।
এ মৌসুমের সৌদি আরবের জেদ্দা গ্রাঁ প্রি বাতিল করা হয়েছে। বাহরাইনে হওয়ার কথা থাকা রেসটিও বাতিলের পর একই নামে মালয়েশিয়ায় পুন:নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ইয়েমেনের হুতিদের হামলার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বেশ কয়েকটি আয়োজন বাতিল অথবা স্থগিত করা হয়েছে।
৪৮টি দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল মন্টেনেগ্রো, চিলি ও আলজেরিয়া।
গত বছর থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বার্ষিক আয়োজন হিসেবে শুরু হয়েছে। টানা পাঁচ বছর কাতারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
২০২৪ সালে আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করে ফিফা জানায়, একাধিক আসরের জন্য একটি দেশকে আয়োজক নির্বাচনের সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল ‘টুর্নামেন্ট পরিচালনায় দক্ষতা ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যমান ফুটবল অবকাঠামো ব্যবহার করা’।
২০২২ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপের আয়োজকও ছিল কাতার।





