সত্তরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান লাখ লাখ মানুষ

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘূর্ণিঝড় ‘গোর্কি’র ভয়ংকর প্রলয়ে প্রাণ হারিয়েছিল কয়েক লাখ মানুষ। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা ১০ লাখের বেশি। এই ঝড়ে নিশ্চিহ্ন হয়ে যায় লাখ লাখ বাড়ি-ঘর, গাছপালা, গবাদি পশু আর হাজার হাজার একর জমির ফসল।

স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, ১২ নভেম্বর দিবাগত রাত ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে থাকে বাতাসের গতি। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাছপালা। তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ঘূর্ণিঝড়ের গতিবেগ। অন্ধকারে ঢেকে যায় প্রতিটি জনপদ। বাঁচার আশায় দিগ্বিদিক ছুটতে থাকে লাখো মানুষ। অন্ধকারাচ্ছন্ন রাতে ভয়ংকর ঝড়ের ছোবলে মুহূর্তেই শান্ত উপকূল অশান্ত হয়ে ওঠে। লন্ডভন্ড হয়ে যায় মানুষের বাঁচার স্বপ্ন। চোখের পলকে নিভে যায় কয়েক লাখ মানুষের জীবন প্রদীপ। মৃত্যুপুরীতে রূপ নেয় বাংলার দক্ষিণ উপকূল। সেই ভয়াল রাতে যারা বেঁচেছিলেন, তাদের নিদারুণ কষ্ট, দুর্ভোগ আর স্বজন হারানো আর্তনাদে আজও কম্পিত হয়ে ওঠে উপকূলের আকাশ বাতাস।

সেদিনের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি মুহূর্তেই ব্যাপক জলোচ্ছ্বাসে ফুলে ফেঁপে শক্তিশালী হয়ে উঠেছিল। পানির প্রবল স্রোত,ঝড়ের হিংস্রতা আর কালো মেঘ থেকে নিক্ষিপ্ত বজ্রপাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিলো উপকূলীয় জনপদ ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও তৎসংলগ্ন জেলাগুলোর প্রতিটি প্রান্তর।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরো উপকূলজুড়ে ১০ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিলো। এর মধ্যে শুধু ভোলাতেই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। ওই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে দ্বীপাঞ্চল ভোলা এবং পার্শ্ববর্তী জেলা নোয়াখালী উপকূলে। সেইসময় ধ্বংসস্তূপে পরিণত হয় ভোলা ও নোয়াখালী উপকূলের রামগতি, হাতিয়া, সন্দ্বীপ এবং পটুয়াখালীর জনপদ। উত্তাল নদী মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদর এবং শাখা-প্রশাখাগুলো রূপান্তরিত হয় লাশের মিছিলে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ‘ভোলা সাইক্লোন’ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ংকরতম প্রাণঘাতী একটি ঘূর্ণিঝড়। যা এ যাবৎকালের অন্য কোনো ঘূর্ণিঝড়ের ইতিহাসকে টপকাতে পারেনি। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ভয়াল ‘ভোলা সাইক্লোন’ বা গোর্কি।

বিশ্ব আবহাওয়া সংস্থা এই সাইক্লোনকে বিশ্বের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ও প্রাণঘাতী ট্রপিক্যাল সাইক্লোন হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সত্তরের সেই ভয়াবহ সাইক্লোনের স্মৃতিচারণ করে ভোলার শতবর্ষী সাংবাদিক এম আবু তাহের বাসস’কে বলেন,‘সেদিনের স্মৃতি বিভীষিকাময়। ভোলার দৌলতখানের চৌকিঘাটায় আমি দেখেছি-সাপ আর মানুষ জড়িয়ে পড়ে আছে। স্নেহময়ী মা তার শিশুকে কোলে জড়িয়ে মেঘনার পাড়ে মৃত পড়ে আছে।’

এই দুর্যোগের সাক্ষী প্রবীণ রাজনীতিক মনপুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মো.কামালউদ্দিন চৌধুরী সেদিনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা চর বাদাম, চর সীতা এবং চর জব্বরে ধানক্ষেতগুলোতে অগণিত মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি।অগণিত মানুষ আর গবাদিপশুর মৃতদেহগুলো সারিবদ্ধভাবে ভাসছিল। রামগতি, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা ও পটুয়াখালী ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।’

ওই ঝড়ে স্বজন হারানো পরিবারের সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, আমার মাসহ পরিবারের লোকজনকে জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গিয়েছিল। প্রতিবছর এই দিন এলে আমি শোকে দিশেহারা হয়ে যাই।’

তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা ইউনুস সর্দার বলেন, ওই ঘূর্ণিঝড়ে তজুমদ্দিন উপজেলার বাসিন্দা আবদুল রশীদ মৃধার বাড়ির ৪০ সদস্যের মধ্যে তিনজন বাদে বাকি সবাই প্রাণ হারান। সেদিনের বিভীষিকাময় দৃশ্য মনে করে তিনি কান্নায় ভেঙে পড়েন।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ১৯৭০ সালের ৮ নভেম্বর বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে। ১১ নভেম্বর নাগাদ এটি একটি শক্তিধর ঘূর্ণিঝড়ে পরিণত হয়। যার বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় প্রায় ১৮৫ থেকে ২৪০ কিলোমিটার। ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি ভোলা,পটুয়াখালী,বরিশাল ও চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে আঘাত হানে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার থেকে ২২৪ কিলোমিটার। সবচেয়ে ভয়াবহ ছিল জলোচ্ছ্বাস। যা প্রায় ১০ মিটার উঁচু ঢেউ আকারে উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে।

প্রলয়ংকরী সেই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে প্রতিবছরের মতো এবারও তাদের রুহের মাগফেরাত কামনায় আজ ভোলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মোনাজাত করা হয়।