দেশে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (আইএআরসি)-এর যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশন ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়নবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিদ্যমান সক্ষমতা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর কেন্দ্রীয় উপস্থাপনা প্রদান করেন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা পর্ব পরিচালনা করেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন আইএইএ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইগোর ভেলজকোভিচ ইগর ভেলকোভিচ।
মিশনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন সঞ্জীব গুণাসেকেরা, মেগুমি হোরি, মোহাম্মদ ফাহিম, এলি অ্যাশউইন নারায়ণ, ক্যাথরিন ল্যাম, থমাস নিল প্যাসকুয়াল, নালিকা এস. গুণাবর্ধনা এবং প্যাট্রিসিয়া জুলি লিং। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু পাভলোভিচ এবং ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি অনলাইনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশে ক্যান্সার একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করে একটি কার্যকর ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি এবং প্যালিয়েটিভ মেডিসিন—এই পাঁচটি মূল ক্যান্সার-সংশ্লিষ্ট বিভাগ রয়েছে। এসব বিভাগে উচ্চতর চিকিৎসাশিক্ষা, বিশেষজ্ঞ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ রয়েছে।
এ ছাড়া হেড অ্যান্ড নেক অনকোলজি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল অনকোলজি, অর্থোপেডিক অনকোলজি, অকুলার অনকোলজি, হেপাটোবিলিয়ারি অনকোলজি, কোলোরেক্টাল অনকোলজি ও ইউরো-অনকোলজিসহ বিভিন্ন বিশেষায়িত শাখা ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
রেডিওলজি অ্যান্ড ইমেজিং, প্যাথলজি, ল্যাবরেটরি মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন, পেইন মেডিসিন এবং অন্যান্য সহায়ক বিভাগের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে বহুবিভাগীয় ক্যান্সার চিকিৎসার একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠেছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ক্যান্সার-সংশ্লিষ্ট বিভাগ ও সেবাগুলোকে সমন্বিত করে একটি আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট কমপ্রিহেনসিভ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, প্রস্তাবিত ইনস্টিটিউটে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণাকে সমন্বিত করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে রোগীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানসম্মত ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও শক্তিশালী করা সম্ভব হবে।
উপাচার্য বিএমইউর অগ্রযাত্রায় ছয়টি কৌশলগত অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। এগুলো হলো, বিদ্যমান সক্ষমতা মূল্যায়ন, অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি চিহ্নিতকরণ, সমন্বিত ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ, শিক্ষা ও গবেষণা এবং জাতীয় চিকিৎসা নির্দেশিকা উন্নয়ন, দেশি-বিদেশি সহযোগিতা সম্প্রসারণ এবং জাতীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসা, গবেষণা ও নীতিনির্ধারণে নেতৃত্ব প্রদান।
তিনি বিশেষভাবে ক্যান্সার রেজিস্ট্রি, জাতীয় ক্যান্সার চিকিৎসা ও থেরাপিউটিক গাইডলাইন প্রণয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের একটি স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বিত ক্যান্সার চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যনীতি উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্ব প্রদান করাই আমাদের লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, আইএইএ,ডব্লিউএইচও ও আইএআরসি-এর বিশেষজ্ঞদের স্বাধীন মূল্যায়ন, সুপারিশ এবং কারিগরি সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন সমন্বিত ক্যান্সার চিকিৎসা, উচ্চতর বিশেষজ্ঞ প্রশিক্ষণ, বহুবিভাগীয় গবেষণা এবং জাতীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সক্ষমতা ও সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ক্যান্সার চিকিৎসায় অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি পূরণ, আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি সম্প্রসারণ, বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থা শক্তিশালীকরণ, ক্যান্সার রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং জাতীয় পর্যায়ে প্রমাণভিত্তিক চিকিৎসা নির্দেশিকা প্রণয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিভাগভিত্তিক উপস্থাপনায় অংশগ্রহণ করেন সার্জিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. সামিয়া মুবিন, গাইনোকোলজিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রকল্পের অধ্যাপক ডা. আশরাফুন নেসা, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির অধ্যাপক ডা. আনোয়ারুল এবং প্যালিয়েটিভ মেডিসিনের অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, পাবলিক হেলথ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. আতিকুর রহমান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আদনান মাসুদ ও অধ্যাপক ডা. লুৎফুল কবির, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতানা গুলশান বানু ও একই বিভাগের অধ্যাপক ডা. জিল্লুর রহমান, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. জান্নাত, পেইন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আখতারুজ্জামান, ইউরো-অনকোলজির অধ্যাপক ডা. এম এ সালাম, গাইনোকোলজিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য সচিব সহযোগী অধ্যাপক
ডা সাহিদা আনোয়ার এবং বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেবা উন নাহার ডোনা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগের উপস্থাপনায় ক্যান্সার চিকিৎসার বর্তমান সক্ষমতা, রোগীর সেবাপ্রাপ্তি, বিশেষজ্ঞ জনবল, আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ উন্নয়নের অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়।
আলোচনায় সমন্বিত বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থা, ক্যান্সার স্ক্রিনিং ও প্রাথমিক শনাক্তকরণ, রেডিওথেরাপি ও অন্যান্য আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, প্রশমনসেবা, ক্যান্সার রেজিস্ট্রি, উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সমন্বিত উদ্যোগ, প্রমাণভিত্তিক চিকিৎসা, দক্ষ মানবসম্পদ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার একটি আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট কমপ্রিহেনসিভ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই উদ্যোগ দেশের ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।





