অর্থনৈতিক সংকট মোকাবেলাই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গালিবাফ

ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার বাইরেও উৎপাদন খাত এবং জনগণের জীবিকাই বর্তমানে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, গালিবাফ বলেন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জিনিসপত্রের চড়া দাম এমন কোনো সাধারণ বিষয় নয় যা কেবল একটি বক্তৃতা বা প্রশাসনিক নির্দেশ জারি করেই সমাধান করা সম্ভব।

তিনি আরো উল্লেখ করেন, দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় একটি যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দেশের সাধারণ জনগণকে রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব।

দীর্ঘদিন ধরেই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ ঘাটতির সঙ্গে লড়াই করে আসছে ইরান। মার্কিন ও ইসরায়েলি সংঘাতের জেরে দেশটির তেল ও গ্যাস খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হয়েছে।

সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ফার্সি ক্যালেন্ডারের প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় ১০.১ শতাংশ কমে গেছে।