পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভার নতুন তারিখ এখনো জানানো হয়নি।

সোমবার সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানান। নোটিশে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ করার লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিনের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত ছিল।

পরে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।

এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই মজুরি পরের মাস অর্থাৎ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে হিসাবে পোশাকশিল্পের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে শ্রমিকদের মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পায়।