৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, দুই মহাসড়ক অবরোধ

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দুই মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া মঙ্গলবার সকালে নতুন করে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ভোগড়া বাইপাসসহ আশপাশের শিল্পকারখানা এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া যায়। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কয়েকটি স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের খবর পাওয়া গেছে। পরে কিছু এলাকায় শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বিভিন্ন স্থানে শ্রমিকদের জড়ো হওয়া এবং নতুন করে বিক্ষোভের আশঙ্কা থাকায় শিল্পাঞ্চলে সতর্কতা অব্যাহত রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মঙ্গলবার সকালে জানান, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া ভোগড়া এলাকায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় নতুন করে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবারও গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। সোমবার কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বেলা ১১টার দিকে চৌরাস্তা টু জয়দেবপুর সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় বৈঠক স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সোমবার বেলা ১১টায় ওই বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠক স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক স্থগিতের খবরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকনেতাদের একাংশ অভিযোগ করেন, মালিকপক্ষের চাপের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে। তবে মালিকপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারাও দ্রুত বৈঠক করে মজুরি নির্ধারণের পক্ষে।

গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে রাজপথে আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি ৩০ হাজার টাকা। শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তাদের বেতন নির্ধারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলেও তাদের অভিযোগ।

শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার ও শিল্প পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ এবং শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে একের পর এক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হওয়া এবং মহাসড়কে শ্রমিকদের অবস্থানের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা—দুই বিষয়কে ঘিরে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। দ্রুত মজুরি বোর্ডের বৈঠক আয়োজন করে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে শিল্পাঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।