বাংলা গানের ভুবনে স্বতন্ত্র কণ্ঠ ও আবেগঘন গায়কীর জন্য অমর হয়ে আছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দী। আজ ১৯ নভেম্বর, কিংবদন্তি এই সংগীতশিল্পীর জন্মদিন।
১৯৫৩ সালের এই দিনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। সংগীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠায় শৈশবেই গানের প্রতি গভীর অনুরাগ তৈরি হয় তার। মায়ের কাছে সংগীতে হাতেখড়ির পর ওস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। লোকগানে তার গুরু ছিলেন বিদিত লাল দাস।
১৯৬৭ সালে সিলেট বেতারে গান পরিবেশনের মাধ্যমে তার আনুষ্ঠানিক সংগীতযাত্রা শুরু হয়। পরে ১৯৭০ সালে ঢাকা রেডিওতে ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’ গানটি রেকর্ড করেন তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গানে অভিষেক ঘটে। ‘দিন যায় কথা থাকে’ চলচ্চিত্রের শিরোনাম গান তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৯ সালে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেন একুশে পদক। একই বছরের ৭ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য শিল্পী। তবে তার গান এখনো বাঙালির সংগীত-স্মৃতিতে সমান উজ্জ্বল।





