স্পেনের নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে সানচেজ, তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা 

জনমত জরিপে পিছিয়ে থাকা স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী রোববারের নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরার লড়াইয়ে নেমেছেন। তবে রাজনৈতিকভাবে বিভক্ত দেশটির এ নির্বাচনে বিরোধী রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং উগ্র ডানপন্থীদের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্পেনের এ নির্বাচনের ফলাফল ইউরোপ জুড়েই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। কারণ, আগামী ১২ মাসে ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।

আট বছর ধরে ক্ষমতায় থাকা সানচেজ ইউরোপের অন্যতম পরিচিত বামপন্থী নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। চলতি সপ্তাহান্তে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট দিন, জয়ী হোন এবং আরও চার বছর দেশ পরিচালনার সুযোগ দিন।’

তবে জনমত জরিপে এখনো ৬৫ বছর বয়সী পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখোর চেয়ে পিছিয়ে রয়েছেন সানচেজ। যদিও দুই নেতার মধ্যে ব্যবধান ক্রমেই কমছে।

সমর্থকদের উদ্দেশে ফেইখো বলেন, ‘স্পেনের পরিবর্তন প্রয়োজন। আর আমরা সবাই মিলে সেই পরিবর্তন আনব।’ একই সঙ্গে তিনি জনমত জরিপের ওপর নির্ভর না করার আহ্বান জানান।

নির্বাচনে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে দলটি এককভাবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনের পর যেমন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এবারও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে