ব্রাজিলের আমাজন জঙ্গলে ১১ দিন নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন আলঝেইমার রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এক ব্যক্তি।
এ সময় তিনি বুনো ফল খেয়ে এবং গাছের পাতা বিছিয়ে তার ওপর ঘুমিয়ে বেঁচে ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় গণমাধ্যমেও এ খবর প্রকাশিত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিখোঁজ হওয়ার নয় দিন পরও সন্ধান না মেলায় তার নাতনি সারা মন্টেস দমকলকর্মীদের উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ২২ নভেম্বর রোববার থেকে তার দাদাকে খোঁজার অভিযান বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে তিনি অনুরোধ করেন, ‘আমাদের ভুলে যাবেন না। দাদুর কথা ভুলে যাবেন না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পার্ক রেঞ্জার দলের পোস্ট এবং একজন উদ্ধারকর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তাঁর সন্ধান পাওয়া যায়।
উদ্ধারের পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি শুধু অন্তর্বাস পরা অবস্থায় বসে আছেন এবং তাকে বেশ দিশেহারা মনে হচ্ছে।
সংবাদমাধ্যম জি১-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অস্থায়ীভাবে তৈরি স্ট্রেচারে করে তাকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের রোববারের প্রতিবেদন অনুযায়ী, ফেরেইরা দোস সান্তোস নামের ওই ব্যক্তি আগে অনানুষ্ঠানিকভাবে খনিশ্রমিক হিসেবে কাজ করতেন। আমাজন জঙ্গল সম্পর্কে তার ভালো ধারণা ছিল। বেঁচে থাকার জন্য তিনি আমাজন অঞ্চলের একধরনের পামগাছ বুরিতির ফল খেতেন এবং প্রাকৃতিক উৎস থেকে পানি পান করতেন।
পার্ক রেঞ্জার নেরিভান দা সিলভা জি১-কে জানান, উদ্ধারকারীরা জঙ্গলের ভেতরে আকাই পামগাছের পাতা দিয়ে তৈরি কয়েকটি বিছানার সন্ধান পেয়েছেন। এ ছাড়া মাটিতে পাওয়া পায়ের ছাপ থেকে বোঝা গেছে, ওই ব্যক্তি একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলেন।
উদ্ধার অভিযান চালানো ওই এলাকার ঘন জঙ্গলে গাছপালার ঘনত্ব এত বেশি যে কয়েক মিটারের বেশি দূর পর্যন্ত দেখা যায় না।
জি১-এর প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালেও ফেরেইরা দোস সান্তোস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।





