নতুন ব্যাটিং কোচ পাচ্ছেন তামিম-মুশফিকরা

ক্যারিবীয়দের বাংলাদেশ সফরের আগেই ব্যাটিং কোচ পেতে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। জানা গেছে, এই দৌড়ে পল নিক্সন ও জন লুইস এগিয়ে আছেন। তবে সম্ভাবনা বেশি লঙ্কানদের সাবেক ব্যাটিং কোচ জন লুইসের।

এর আগে পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন হেড কোচ রাসেল ডোমিঙ্গোর স্বদেশী নিল ম্যাকেঞ্জি। পরে এই দায়িত্বের জন্য সাবেক কিউই ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে আলোচনা পাকা হয় বিসিবি’র। কিন্তু বাবার মৃত্যুতে দায়িত্ব নেয়ার আগেই চাকরি ছেড়ে দেন তিনি। যে কারণে দীর্ঘদিন ধরেই পদটি ফাঁকা।

মাঝে শ্রীলঙ্কা সফরের আগে জন লুইসের সাথে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই পক্ষের আলোচনা বেশ খানিকটা এগিয়েও যায় তখন। পরে অবস্থা লঙ্কা সফর স্থগিত হওয়ায় ব্যাটিং কোচ চূড়ান্ত করেনি বিসিবি। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ দলের সফর সামনে রেখে সেই আলোচনা ফের এগিয়ে নিয়েছে দুই পক্ষ।

দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে আগামী সপ্তাহেই ব্যাটিং কোচের নাম ঘোষণা করবে বিসিবি। এই পদে যে জন লুইস আসতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত। গত বিশ্বকাপেই শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এছাড়া ইংলিশ কাউন্টি দল ডারহামের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করারও অভিজ্ঞতা আছে তার।