ভূরুঙ্গামারীতে নবজীবন ফাউন্ডেশন কর্তৃক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাবেদ আলী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

“নব জীবনের সূচনা হোক, হাতে রেখে হাত” শীতার্তরা উষ্ণতা পাক শীতের প্রতিটা রাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্ধশতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ফাউন্ডেশন।

উপজেলার চাঁদনী বাজার এলাকায় তাদের নিজস্ব কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি।

এ সময় সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন পাথরডুবী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ শফি আহমেদ, মোঃ রমজান আলী মন্ডল ও অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন– উত্তরবঙ্গের এই অঞ্চলটি সীমান্তবর্তী হওয়ায় সর্বদা আমরা অবহেলিত হয়ে আসছি। এবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৫ ডিগ্রী সেন্টিগ্রেড যা আমাদের কুড়িগ্রাম জেলায়। আমরা যতই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই না কেন সরকারী কিংবা বেসরকারিভাবে কোনো রকম সহায়তা পাই না। এমনকি, স্থানীয় সরকার ও প্রশাসনের নেই কোনোরকম অগ্রণী ভূমিকা। তাই, এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী এই সংগঠনের এমন কর্মকান্ড সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। মানবতার মহান সেবায় চলমান থাকুক এসব সংগঠনের কার্যক্রম।