পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে সেই একমাত্র শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।
মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীরও পাস করতে না পারার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নেই নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান।
অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে কলেজটিতে ভালো মানের শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হন না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এর ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কিন্তু তিনিও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী সংকটের সমাধান হয়নি। আটজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





