প্রকাশ রাজ বরাবরই দেশের অন্যতম স্পষ্টভাষী অভিনেতা হিসেবে পরিচিত। এক্সে তার ‘জাস্ট আস্কিং’ পোস্টগুলো প্রায়ই শিরোনামে উঠে আসে, বিশেষ করে যখন তিনি সরকারকে নিশানা করেন অথবা রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভেও যোগ দিয়েছিলেন এই অভিনেতা। সেখানে তিনি প্রকাশ্যে সরকারের সমালোচনা করেন।
তবে নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে তার এই নির্ভীক মনোভাব পরিবারের জন্য সবসময় সহজ ছিল না। সম্প্রতি তার স্ত্রী পনি ভার্মা স্মৃতিচারণ করে জানান, প্রকাশ যখনই কোনো জোরালো রাজনৈতিক মন্তব্য করতেন, তখনই তার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়তেন তিনি। সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার সেই ভয় কমতে শুরু করে।
‘প্রেমা দ্য জার্নালিস্ট’-কে দেয়া সাক্ষাৎকারে পনি বলেন, শুরুতে প্রকাশের স্পষ্টভাষী স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে বেশ অসুবিধা হতো। তিনি বলেন, শুরুর দিকে আমি খুব ভয় পেতাম। যখন আমরা গৌরীর মৃত্যুর খবর পেলাম, তখন দেখেছিলাম, ও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। ও একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল।
পনি আরও বলেন, ও সবসময় গৌরীকে বলত। কিন্তু গৌরীর মৃত্যুর পর এমন কিছু একটা ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ও বলেছিল, ‘আমি কথা বলব।’ একজন নারী হিসেবে গৌরী নিজে দাঁড়িয়েছিলেন, নিজের কথা বলেছিলেন।
এদিকে প্রকাশের স্পষ্টভাষী স্বভাব চলচ্চিত্র জগতের ব্যক্তিগত সম্পর্কগুলোর ওপরও প্রভাব ফেলেছে বলে জানান পনি। তার ভাষায়, ইন্ডাস্ট্রির সবাই যে প্রকাশের মতামতের সঙ্গে একমত, তা নয়। আর তিনি সেটাও প্রত্যাশা করেন না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও এমন অনেকে রয়েছেন, যাদের সঙ্গে প্রকাশের ভালো সম্পর্ক নেই। আমি তাদের প্রকাশকে পছন্দ করতে বাধ্য করি না। প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতে পারে।
তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, চলচ্চিত্র জগতের অনেকেই প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকেন। অভিনেতারা রাজনৈতিক মতামতের কারণে কাজ হারানোর ভয় পান কি না, এমন প্রশ্নের উত্তরে পনি বলেন, সবসময় এমনটা নয়।
তিনি ব্যাখ্যা করেন, এমন কিছু অভিনেতা রয়েছেন, যারা প্রভাবশালী অবস্থানে আছেন এবং অনেক মানুষকে কাজের সুযোগ করে দেন। ফলে তাদের পরিস্থিতি অন্যদের তুলনায় আলাদা।
তবে নিজের মতামত প্রকাশের কারণে পেশাগত ক্ষেত্রেও মূল্য চোকাতে হয়েছে প্রকাশ রাজকে বলে জানা গেছে। পনি জানিয়েছেন, রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বেশ কয়েকটি সিনেমার কাজ এবং বিজ্ঞাপনের সুযোগ হারিয়েছেন। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, বেশ কয়েকটি সিনেমার ক্ষেত্রে অগ্রিম টাকা দেয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা হঠাৎ করেই পিছিয়ে গিয়েছেন।





