এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দুর্দান্ত ছিলেন উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিব আল হাসান খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।
এবার পেয়েছেন নতুন দল।
কলকাতার হয়ে খেলবেন ওয়ানডের এই সেরা অল-রাউন্ডার। ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে সাকিবের পুরনো দল কেকেআর।
নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল অন্য সব বারের থেকে বেশি ২ কোটি রুপি। অল-রাউন্ডার ক্যাটাগরিতে সাকিব ছিলেন দ্বিতীয় সেটে। সাকিবের নাম ওঠার পরই ভিত্তিমূল্যে কলকাতা নাইটরা চায় তাকে। এরপর নিলামের লড়াই শেষে সেই পুরনো দল কলকাতাতেই ঠিকানা হয়েছে এই অলরাউন্ডারের। সাকিবকে পেতে কেকেআরের সঙ্গে লড়াই করেছেন পাঞ্জাব কিংসও।
এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (২০১২, ২০১৪) দুই বারের শিরোপা জয়ের মিশনে ছিলেন সাকিব। ২০১৯ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন এই বাঁহাতি অল-রাউন্ডার। তবে নিষেধাজ্ঞার কারণে ২০২০ আইপিএলের আগে তাকে দলে নিতে পারেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল ক্যারিয়ারে সাকিব এখন পর্যন্ত ৬৩ ম্যাচে ৭৪৬ রানের সঙ্গে ৫৯টি উইকেটেও নিয়েছেন।
সাকিব ছাড়াও এবারের নিলামে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম।





