রোমাঞ্চকর ম্যাচে ইউনাইটেডকে রুখে দিল অ্যাস্টন ভিলা

ভিলা পার্কে শনিবার রাতে প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে পাঁচ মিনিটের ঝড়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখেভ দিল অ্যাস্টন ভিলা। দলটির জার্সিতে অভিষেকে এদিন আলো ছড়ান ফিলিপে কৌতিনহো।

শনিবার ইউনাইটেড-ভিলার মধ্যেকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ব্রুনো ফের্নান্দেসের জোড়া গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান জ্যাকব র‍্যামজি। সমতা টানেন কৌতিনিয়ো। লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। গত রাউন্ডে ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হেরেছিল ১-০ গোলে।

চোটের কারণে শনিবার ম্যানইউয়ের জার্সিতে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরুতে তার অভাব বুঝতে দেয়নি দলটি। কেননা ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রি-কিকে আলেক্স তেলেস ছোট পাস দেন ফের্নান্দেসকে। পর্তুগিজ মিডফিল্ডারের শটে ডি-বক্সে এদিনসন কাভানি পা বাড়িয়ে দিলেও বল স্পর্শ করেনি, তবে এমিলিয়ানো মার্তিনেস মনঃসংযোগ হারিয়ে ফেলেন। আর্জেন্টাইন গোলরক্ষক তার সোজাসুজি বল ধরতে পারেননি, তার বুকে লেগে দুই পায়ের ফাঁক দিয়ে জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

৭০তম মিনিটে অ্যাস্টন ভিলার জার্সিতে অভিষেক হয় ফিলিপে কৌতিনহোর। ছয় মিনিট পর দারুণ পাসিং ফুটবলে ব্যবধান কমায় স্বাগতিকরা। যেখানে অবদান আছে কৌতিনহোর। তার পাসে বল একজনের পা ছুঁয়ে পাওয়ার পর ডান পায়ের শটে গোলটি করেন র‍্যামজি।

৮২তম মিনিটে সমতায় ফেরা গোলে র‍্যামজি অবদান রাখেন। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো।

এ ড্রয়ে ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আগের মতো সপ্তম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা।

দিনের প্রথম ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল।

প্রভাতনিউজ/এনজে