১০১ টাকা দেনমোহরে পরীমণির পঞ্চম বিয়ে

ঢাকা: নানা কারণে সমালোচিত ঢাকাই চলচ্চিত্রের সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি। ফের বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। আনুষ্ঠানিকভাবে শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই নায়িকা। শনিবার (২২ জানুয়ারি) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান হয়। সেখানে অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।

জানা গেছে, পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। তার আগে গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেন। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলেছেন দু’জনে।

এরই মধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমণি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

এটি পরীমণির পঞ্চম বিয়ে৷ এর আগে ২০১০ সালে পরীমণির প্রথম বিয়ে হয় তার কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে। ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। একই বছর ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। ২০১৯ সাল পর্যন্ত ছিল তাদের সেই সংসার।

এরপর একই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন নায়িকা। অল্প দিন পরই এ বিয়েও ভেঙে যায়। এরপর নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের খবর দেন পরী। তিন টাকা দেনমোহরের বিয়ে তিন মাসও টেকেনি। কয়েক দিনের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায় তার।

প্রভাতনিউজ/এনজে