পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ৯টার দিকে এই তথ্য জানিয়েছেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে জানিয়ে মঞ্জিল হক বলেন, আজ ভোর ৫টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ আরো ছয়জনের মরদেহ পাওয়া গেছে।
এখনো প্রায় ৪০ জনের মতো নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, করতোয়া নদীয়র পানি শুকিয়ে গেছে। তাই আরো মরদেহ পাওয়ার সম্ভাবনা আছে। নিখোঁজ যতদিন থাকবে ততোদিন আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব।
গত রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়ায় ডুবে যায় নৌকাটি। শারোদীয় দুর্গোত্সবের মহালয়া উপলক্ষে নদীর এপার থেকে সনাতন ধর্মের লোকজন দেবীগঞ্জ উপজেলার বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝনদীতে গিয়ে নৌকা ডুবু ডুবু অবস্থা দেখে মাঝি আবার ফিরে আসার চেষ্টা করেন। এর মধ্যেই উল্টে যায় নৌকাটি। এতে কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ডুবে যায়।





