আজ বেলা ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হয়েছেG
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর পড়লে এ অবস্থার সৃষ্টি হয়। তবে আজ বুধবার বেলা ১১টা থেকে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় লোকজন।
এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়েছে। এ ছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টা থেকে ১২টার মধ্যে শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তবে ধসে পড়া মাটির পরিমাণ বেশি হওয়ায় রাতে মাটি সরানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে আজ বেলা ১১টার দিকে সেনাবাহিনীর একটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হয়েছে। সড়কের ওপর পড়া মাটি সরাতে কমপক্ষে পাঁচ ঘণ্টা লাগবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





