কঠিন লড়াইয়ের অপেক্ষায় ফ্রান্স-ইংল্যান্ড

ফিফা ফুটবল বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে এই দুই দলের ফুটবল লড়াইটা শুরু ১৯২৩ সাল থেকে। এখন পর্যন্ত মোট ৩১ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্স ৯ বার। ম্যাচ ড্রয়ে গড়িয়েছে পাঁচবার।

দুই দলের প্রথম ছয় দেখায় ছয় জয়ই ইংল্যান্ডের। তবে কালক্রমে নতুন শতকে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ২০০০ সাল থেকে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এরপর ছয় জয় ফ্রান্সের আর প্রীতি ম্যাচে এক জয় ইংলিশদের। এক্ষেত্রে মরুর বুকে বিশ্বমঞ্চের লড়াইটা আরও জমজমাট হচ্ছে, এটা প্রত্যাশাই করা যায়।

তবে এই ম্যাচে জিতে ইংলিশ বাধা কাটাতে পারলে এক রেকর্ডে ভাগ বসানোর সুযোগ থাকছে এমবাপ্পেদের। এখন পর্যন্ত ব্রাজিল ও ইতালি টানা দুবার বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে। কিন্তু আর্জেন্টিনা, জার্মানি টানা দুবার ফাইনাল খেললেও শিরোপা তাদের হাতে ওঠেনি। এবার ফ্রান্সের সামনে সুযোগ থাকছে তৃতীয় দল হিসেবে রেকর্ডে নাম লেখানোর।