ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হওয়ায় তাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের আইনি জটিলতা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তার দাবি, আওয়ামী লীগের হাতে বিপুল অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হচ্ছে।
তিনি জানান, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধের প্রবণতা কমে আসবে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ অবস্থায় কেউ দলটির সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।




