জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
সফরের অংশ হিসেবে আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।





