প্রথম বলেই আউট সাকিব

লাঞ্চের আগের বা পরের মুহূর্তে উইকেট হারানোর বাজে অভ্যাস থেকে বেরুতে পারছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের ঠিক আগের ওভারে নিশ্চিত আউট থেকে বেঁচে গিয়েছিলেন সাকিব আল হাসান।

তবে যে ভাগ্য নিয়ে লাঞ্চে গিয়েছিলেন এই ব্যাটসম্যান ফিরে এসে সেই ভাগ্যকেই জলাঞ্জলি দিয়েছেন সাকিব। লাঞ্চের পর মাঠে নেমে প্রথম বলেই আউট হয়ে ফিরে গেছেন বাংলাদেশের টেস্ট দলের দলপতি।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করা এই ব্যাটসম্যান এবার বিশের কোটাও ফেরাতে পারেননি। আউট হয়ে ফিরেছেন মাত্র ১৬ রানে। তার আগে ব্যক্তিগত ২৪ রানে নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ফিরেছিলেন ১৫ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৭ রান। মুমিনুল হক ২৭ এবং মুশফিকুর রহিম ৭ রানে অপরাজিত আছেন।