শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর শরীরে মিলল আড়াই কেজি স্বর্ণ!

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা। আটক জসিম উদ্দিনকে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসএসআই।

আজ বুধবার সকাল ১০টা ২০মিনিটের দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জসিমের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করলে স্বর্ণ উদ্ধার হয়। জসিম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।

জানা গেছে, এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৯টা ২০ মিনিটে জসিম চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। তার কাছে আনুমানিক ২.০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), দুটি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। যার সর্বমোট ওজন দুই কেজি ৪২৩ গ্রাম। এ ছাড়াও জসিমের কাছ থেকে বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স এর কাছে হস্তান্তর করা হয়েছে।