ফিফা সভাপতি পদপ্রার্থী কোজো তাশিমা বলেছেন, জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে ফ্রান্সের ফিলিপ দিয়ালোকে এককভাবে লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।
জাপানের তাশিমা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় ‘স্বচ্ছতা ও সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী মার্চের নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনো ও ফরাসি ফুটবলপ্রধান দিয়ালোর সঙ্গে তাঁর নামও রয়েছে প্রার্থী তালিকায়।
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার ব্যর্থ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। তবে চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার প্রচেষ্টায় এখনো যথেষ্ঠ সমর্থন রয়েছে তাঁর।
ইউরোপের সমর্থন রয়েছে দিয়ালোর প্রতি। ইনফান্তিনোকে হটানোর ক্ষেত্রে তাঁকেই তুলনামূলক সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে তাশিমা বলেছেন, প্রতিদ্বন্দ্বীতার পথ পরিষ্কার করে দিতে আপাতত সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক সভাপতি তাশিমা সাংবাদিকদের বলেন, “আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলব। দিয়ালোর প্রশাসনিক ও পরিচালনাগত অভিজ্ঞতা যথেষ্ট। তাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা আমার রয়েছে।”
“তবে এই মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছি না।”
ইনফান্তিনোকে হটাতে ‘একজোট হওয়ার’ লক্ষ্যে তাশিমার সঙ্গে আলোচনা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন দিয়ালো।
তাশিমা বলেন, দিয়ালো যে নির্বাচনে প্রার্থী হবেন, তা তিনি শেষ মুহূর্তে জানতে পেরেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কোনো কথাও হয়নি।
তবে ফরাসি এই প্রার্থীর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি। তাশিমা বলেন, “আমি ফিলিপ দিয়ালোকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না, আমি শুধু ফিফায় পরিবর্তন চাই।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তিনিও মূলত আমার মতো একই লক্ষ্যে লড়াই করবেন। সে অর্থে তাঁর মতো একজনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আসা আমাকে উৎসাহিত করেছে।”
ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা জোর দিয়ে বলেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান তিনি। স্বচ্ছতা ও সততাকে নির্বাচনী প্রচারের মূল ভিত্তি করার কথাও জানিয়েছেন।
২০১৬ সালে সভাপতি হওয়ার পর ইনফান্তিনো ‘বেশ কিছু ভালো কাজ করেছেন’ বলে স্বীকার করেছেন তাশিমা।
তবে চলতি বছরের বিশ্বকাপ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তাঁকে পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন তাশিমা।
৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি শুধু ফিফা সভাপতি হতে চাই বলেই নির্বাচনে প্রার্থী হইনি। ফিফার উন্নতির জন্য সভাপতি হওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় মনে করেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তাশিমা। বর্তমানে তিনি সংস্থাটির অনারারি প্রেডিডেন্ট।
খেলোয়াড়, কোচ ও প্রশাসক- তিন ভূমিকাতেই কাজ করেছেন তিনি। দায়িত্বশীল ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে তাঁর সুনাম রয়েছে।
আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন তিনি।
তাশিমা বলেন, “ফিফা সভাপতিকেই যে সব সময় আলোচনার কেন্দ্রে থাকতে হবে, তা আমি মনে করি না।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, সবচেয়ে বেশি দৃশ্যমান হওয়া উচিত খেলোয়াড়, রেফারি ও দলগুলো। তাঁদেরই সামনে থাকা উচিত। আর সেটি নিশ্চিত করতে আমাদের সংস্থাটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে।”




