বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময়। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস সরবরাহ না থাকার কারণে এ অঞ্চল অনেক পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীত হবার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আগামী অল্প দিনের মধ্যে রংপুরে গ্যাস সরবরাহ লাইনের কাজ শেষ হবে। আমাদের দক্ষ জনশক্তি আছে, উপযুক্ত পরিবেশ আছে। এখানে শিল্প কলকারখানা স্থাপনে আর কোনো বাধা থাকবে না।
আজ সোমবার রংপুরের পীরগাছা উপজেলা হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা শাখার নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প কলকারখানা স্থাপনের ভালো পরিবেশ থাকার কারণে দেশের বড় বড় কম্পানি এবং বিনিয়োগকারীরা যোগাযোগ শুরু করে দিয়েছে। কারখানা স্থাপনের জন্য স্থান পরিদর্শন করছে। রংপুর অঞ্চলে শিল্প-কলকারখানা স্থাপন করলে বিনিয়োগকারীরা লাভবান হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করেই যাচ্ছে। দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে তাদের এই মিথ্যাচারের জবাব দিতে হবে। আজ আমাদের দেশ উন্নয়নের বিশ্বসম্প্রদায় প্রশংসা করছে। বড় বড় প্রকল্প বাস্তায়িত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে কাজ করতে হবে। তা না হলে এ দেশ রাজাকার আল-বদরদের দখলে চলে যাবে।
উপজেলার ৮১ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫৬১ জন প্রার্থীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ ভোমরা হচ্ছে এ তৃণমূলের নেতা-কর্মীরা। পদ না পেলেও দলের এবং দেশের জন্য স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতা-কর্মীকে সততার সাথে দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মজনু মিয়াসহ ৯ ইউনিয়নে নেতৃবৃন্দ ও ৮১ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ।
এর আগে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলার দেউতি কলেজ হলরুমে ব্যবসায়ীদের সংগঠন ‘ঢাকা ইউনাইটেড বিজনেস ক্লাব’ এর দেওয়া কম্বল শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিও-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





