বিপিএলের মঞ্চে আজ সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানদের ১৭৯ রানের জবাবে মাত্র ১২৪ রানে অল আউট হয়ে যায় শুভাগত হোমের দল। ঠিক অল আউট বললে ভুল হবে, কারণ চট্টগ্রামের একজন ব্যাটার তো ব্যাটিংই করেননি। ম্যাচ চলাকালীন তিনি চলে গিয়েছিলেন টিম হোটেলে। সেই ক্রিকেটারটি হলেন আফিফ হোসেন ধ্রুব।
মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম একাদশে ছিলেন আফিফ। বোলিংও করেছেন ২ ওভার। কিন্তু ব্যাটিংয়ে নামতে পারেননি। পরে জানা যায়, আফিফ অসুস্থতা বোধ করছেন। এ বিষয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার বলেন, ‘সে কিছুটা ঠাণ্ডা নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল খেলতে পারবে কি না। তো সে বলেছে ওকে। পরে হঠাৎ গ্যাস ফর্ম করে। এর পরও ঠিক আছে বলে খেলেছে। পরে ফিল্ডিংয়ের সময় ঠাণ্ডা লেগে যায়। সে এখন সুস্থ আছে, পরের ম্যাচে খেলবে।’এই নিয়ে টানা তিন ম্যাচ হারল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে বিজয়ী দল রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান চোট কাটিয়ে আজ মাঠে নেমেছিলেন। পরে কিপিং করলেও ব্যাটিং করেননি। যদিও রংপুরের ৬ উইকেট পড়ে গিয়েছিল। নুরুলের ব্যাটিং না করার বিষয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রংপুরের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান জানিয়েছেন, দলীয় কৌশলের কারণেই তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি।





