ফিল ফোডেন, কোল পালমার ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো একঝাঁক তারকাকে বাদ দিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চমকে ঠাসা চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই তারকাদের পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, লুক শ এবং মিডফিল্ডার অ্যাডাম হোয়ার্টনও দলে জায়গা পাননি।
প্রধান কোচ থমাস টুখেল দল ঘোষণার পর স্বীকার করেছেন যে, বিশ্বকাপ স্কোয়াড সাজাতে গিয়ে তাঁকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ও গভীর কষ্ট প্রকাশ করেছেন হ্যারি ম্যাগুয়ার।
এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন এবং চেলসির হয়ে পালমার প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় এবং দলে তীব্র প্রতিযোগিতা থাকায় তাঁদের বাদ পড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে গত গ্রীষ্মের পর থেকে জাতীয় দলের হয়ে ম্যাচ না খেলায় রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক আর্নল্ডের বাদ পড়ার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল।
তবে কপাল খুলেছে ওলি ওয়াটকিন্স ও ইভান টনির; অধিনায়ক হ্যারি কেইনের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে দলে ফিরেছেন এই দুই ফরোয়ার্ড। চোট থাকা সত্ত্বেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন টিনো লিভরামেন্টো ও ডিজেড স্পেন্স।
বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এ খেলবে ইংল্যান্ড। আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের বিশ্বকাপ অভিযান। এরপর ২৩ জুন গানা এবং ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা।





